জাল নোটসহ গ্রেফতার এক পাচারকারী
দি নিউজ লায়ন; গোপন সূত্রে অভিযান চালিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকার জাল নোটসহ এক পাচারকারীকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ । ধৃত ওই পাচারকারীকে জেরা করে এই জালনোট কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বৃহস্পতিবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর এলাকায় গোপনে অভিযান চালায় সংশ্লিষ্ট থানার পুলিশ। ওই এলাকা থেকেই জালনোট পাচারকারীর এক পান্ডাকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় এক লক্ষ কুড়ি হাজার টাকার জাল নোট ।
এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পারদেওনাপুর এলাকা থেকে আরো তিনজন জালনোট কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে ধৃতদের নাম বলা যাচ্ছে না । কারণ , এই জালনোট কারবারের সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে। উদ্ধার হওয়া এক লক্ষ কুড়ি হাজার টাকার জাল নোটের মধ্যে ৫০০ টাকার নোট রয়েছে ১৪০ পিস এবং ২০০০ টাকার নোট রয়েছে ২৫ পিস। প্রাথমিক তদন্তে ধৃতেরা জানিয়েছে সীমান্তের ওপার থেকে এই জালনোট গুলি ক্যারিয়ারের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল।
এবং সেগুলি ভিন রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল । কিন্তু তার আগেই পুলিশ গোপনে অভিযান চালিয়ে জালনোট কারবারিদের এই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশ । পাশাপাশি এই জাল নোট উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

Post a Comment